বলিউড সুন্দরী নোরা ফাতেহিকে নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা। দক্ষিণ ভারতীয় বড় বাজেটের সিনেমা ‘কেডি: দ্য ডেভিল’–এর নতুন গান ‘সরকে চুনর তেরি সরকে’ প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা ও বিতর্ক তৈরি হয়েছে। কারণ এই গানটিতে পারফর্ম করেছেন অভিনেতা সঞ্জয় দত্ত ও নোরা ফতেহি। গানটির ভাষা ও উপস্থাপনাকে ‘অশালীন’ ও ‘যৌন ইঙ্গিতপূর্ণ’ বলে সমালোচনা করছেন দর্শকরা। এ কারণেই গানের সঙ্গে নাচকে ‘অশালীন’ বলে নিষিদ্ধের দাবি তুলেছেন অনেক দর্শক।
নতুন এই গানটি একযোগে কয়েকটি ভাষায় ইউটিউব ও অন্যান্য প্ল্যাটফর্মে প্রকাশ করা হয়েছে। বেঙ্গালুরুর একটি অনুষ্ঠানে জাঁকজমকপূর্ণভাবে গানটি প্রকাশ করা হয়। সেখানে লাইভ পারফরম্যান্স ও প্রচারণার মধ্য দিয়ে নির্মাতারা গানটি দর্শকের সামনে আনেন। অনুষ্ঠান শেষ হওয়ার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।
একজন মন্তব্য করেন, ‘অশ্লীলতার চূড়ান্ত।’ আরেকজন লিখেছেন, ‘গানের লিরিক এত সস্তা ও অশ্লীল কেন?’ কেউ মন্তব্য করেছেন, গানটি নিষিদ্ধ করা উচিত। গানটি নিয়ে এত বিতর্ক হলেও এখনো মুখ খোলেননি নির্মাতারা। এ বিষয়ে নীরব রয়েছেন নোহা ফাতেহি নিজেও।
তবে গান নিয়ে বিতর্ক থাকলেও ‘কেডি: দ্য ডেভিল’ সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ কমেনি। বড় বাজেটের এই অ্যাকশন সিনেমায় সঞ্জয় দত্তের পাশাপাশি প্রধান ভূমিকায় রয়েছেন কন্নড় অভিনেতা ধ্রুব সারজা।




























